টিএন্ডটি স্কুলে ট্যাব দিলো হুয়াওয়ে
রাজধানীর টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা সহায়তায় ট্যাব দিয়েছে হুয়াওয়ে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে হুওয়ায়ের শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝ্যাং ঝেংজুন এবং টিএন্ডটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসী খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেন, "শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। দেশের প্রতিটি নাগরিকের কাছে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে আমাদের সরকার। বিশেষ করে নারী শিক্ষায় আমরা সবচেয়ে বেশি গুরুত্বারোপ করছি। কারণ আমরা বিশ্বাস করি, নারীদেরকে প্রতিটি স্তরে নিয়োজিত করা প্রয়োজন। বিশ্বের নেতৃস্থানীয় আইসিটি সল্যুশন প্রদানকারী হওয়া সত্বেও হুয়াওয়ে বাংলাদেশের শিক্ষা খাতের সহায়তায় এগিয়ে আসছে। আজ তারা টি এন্ড টি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ প্রদানে এগিয়ে এসেছে। নি:সন্দেহে এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ যোগাবে। সত্যিকারভাবে, আমি হুয়াওয়ের এই প্রচেষ্টার প্রশংসা করছি।"
হুয়াওয়ে টেকনোলিজস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝ্যাং ঝেংজুন বলেন, "২০ বছর ধরে বাংলাদেশের সাথে বেড়ে উঠছে হুয়াওয়ে। এই সময়কালে আমাদের চোখে বাংলাদেশে দ্রুত উন্নতি পরীলক্ষিত হয়েছে। এখন বাংলাদেশের একটি ভিশন রয়েছে, যার লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটালাইজড করা। পারস্পারিক সহায়তা বিশ্বাসী প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে এদেশের ভিশন ২০২১ যাত্রার সঙ্গী হতে চায় এবং নিজের জীবন ও সমাজের উন্নয়নের লক্ষ্যে পড়াশুনা করছে, এমন সব শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করতে চায়।"
চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, "বাংলাদেশ এবং চীন পরস্পর খুবই ভাল প্রতিবেশী এবং বন্ধু। বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের দিকে তাকালে আমরা দেখতে পাই যে, বাংলাদেশ-চীন এর মধ্যকার সম্পর্ককে আরো উন্নয়নের জন্য দুই দেশের মাঝে পারস্পরিক সহায়তা করার অভূতপূর্ব সুযোগ রয়েছে। হুয়াওয়ে আজ যে উদ্যোগ নিয়েছে তা শিক্ষার্থীদের তাদের পড়াশুনায় সহায়তার জন্য একটি ছোট্ট উদাহরণ হিসাবে কাজ করবে। আমি এই উদ্যোগ গ্রহণ করার জন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানাতে চাই এবং আশা করি নিকট ভবিষ্যতে আরো বেশি সংখ্যক চীনা প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ হাতে নিবে।"